আষাঢ়ের দুপুর। কালবৈশাখীর ঝড়ে ভিজে যাওয়া আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাঁচা আম। মাটির ভেজা গন্ধের সঙ্গে মিশেছে টক আমের সুবাস। সেদিনই এক নতুন গল্পের সূচনা—যা বদলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামপাড়ার নাসিমা বেগম ও তাঁর পুত্রবধূ শান্তা ইসলামের জীবন।
সাধারণ রান্নাঘরের চৌকাঠ পেরিয়ে তাদের হাতের ছোঁয়ায় তৈরি আচার ছড়িয়ে পড়ল দেশ-বিদেশে। পাঁচ বছর আগে খোলা ফেসবুক পেজ ‘পাকের ঘর ডটকম’ এখন হয়ে উঠেছে স্বপ্নের ঠিকানা। শুরুটা ছিল শখের, কিন্তু ধীরে ধীরে বাড়ল আস্থা। কাঁচা আমের আচারই যে কসবার ভাড়া বাড়ি থেকে একদিন পৌঁছে যাবে ইউরোপে—তা হয়তো তখন কেউ ভাবেনি।
এখন নাসিমা-শান্তার হাতে তৈরি হচ্ছে আম, জলপাই, চালতা, নাগা মরিচ, বরইসহ বিশ রকম আচার। সঙ্গে আছে নকশি পিঠা-পুলি, নাড়ু আর হোমমেড কেকও। প্রতিদিন ভেসে আসে নতুন অর্ডার—কখনো ঢাকার গুলশান থেকে, কখনো চট্টগ্রামের আগ্রাবাদ, কখনো আবার সিলেট কিংবা রাজশাহী থেকে। শুধু দেশেই নয়, তাদের আচারের স্বাদ পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রবাসীদের ঘরেও।
এই সাফল্যের মূল রহস্য সম্পর্কের এক অনন্য সমীকরণ। নাসিমা বেগম বলেন, “আমি শান্তাকে কখনো বউমা ভাবি না, সে আমার মেয়ে। আমরা একসঙ্গে কাজ করি, হাসি, পরিশ্রম করি। আচার আর পিঠার মানই আমাদের আসল শক্তি।” শান্তা ইসলামের চোখে শাশুড়ি কেবল অভিভাবক নন, তিনি অনুপ্রেরণা। তাঁর ভাষায়, “আমাকে তিনি শিখিয়েছেন নিজের পায়ে দাঁড়াতে। আজ আমি আত্মনির্ভর—এটা সম্ভব হয়েছে উনার হাত ধরে।”
তাদের এই পথচলা আশপাশের নারীদেরও অনুপ্রাণিত করেছে। এখন অনেকেই ‘পাকের ঘর’-এ শিখছেন কেক-পিঠা বানানোর কৌশল। নিজেদের স্বপ্নকে গুছিয়ে তুলছেন নতুন করে। স্থানীয় ক্রেতারা বলেন, তাদের আচার যেন মায়ের হাতের স্বাদ ফিরিয়ে আনে—খাঁটি, ভেজালমুক্ত আর ভালোবাসায় ভরা।
সমাজকর্মী শামীম আহমেদ মনে করেন, “নারীরা যখন সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করে, তখন সমাজে বৈষম্য কমে। শান্তা ও নাসিমার মিলেমিশে উদ্যোগ নেওয়া আমাদের সমাজের জন্য ইতিবাচক উদাহরণ।”
ঝড়-বৃষ্টির দেশে প্রতিদিনই পড়ে অসংখ্য কাঁচা আম। কিন্তু সেই আম দিয়েই যে স্বপ্ন গড়া যায়, ঘরে বসে যে ইউরোপে পৌঁছানো যায়—তা প্রমাণ করেছেন নাসিমা ও শান্তা। তাদের ‘পাকের ঘর ডটকম’ আজ শুধু একটি অনলাইন পেজ নয়; এটি ভালোবাসা, আস্থা আর নারীর ক্ষমতায়নের প্রতীক।